নানা বাড়ির ছাদের কার্নিশে পড়ে ছিল স্কুলছাত্রের মরদেহ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নানা বাড়ির ভবনের কার্নিশ থেকে মিনহাজুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নানা বাড়ির ভবনের কার্নিশ থেকে মিনহাজুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মরিয়মনগর বেয়ানবাজার এলাকার একটি পাকা ভবনের কার্নিশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিনহাজুল ইসলাম উপজেলার বেতাগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাউখালি মৌলানা গ্রামের বাসিন্দা ও রোয়াজারহাটের কাপড় ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। সে বেতাগী ওয়াজ উদ্দিন শাহ কেজি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, “সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, কয়েকদিন আগে মিনহাজুল তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে মা ও নানি শহরে কাজে যাওয়ার সময় তাকে গোচরা চৌমুহনী বাজারে নামিয়ে স্কুলে যেতে বলেন। এরপরই তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়।”
এমবি/টিআই

