জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল বলেন, “রাতে জেনেভা ক্যাম্পে দুটি পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সংঘর্ষে একজন আহত হয়েছেন, পরে জানা যায় তিনি মারা গেছেন।”
নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, জাহিদ কল্যাণপুরের মিজান টাওয়ারে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। রাতে ক্যাম্পে সংঘর্ষ চলার সময় তিনি বাসা থেকে বের হয়ে রাস্তায় এলে একটি ককটেল বিস্ফোরিত হয়ে তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে প্রথমে ট্রমা সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ক্যাম্পের ভেতরে উত্তেজনা প্রশমনে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

