শিশু আছে এমন বাড়িতে ওঠেন সাবলেট হিসেবে, সখ্যতা গড়ে অপহরণ
মেঘনাবার্তা প্রতিনিধি: প্রথমে শিশু আছে এমন বাড়িতে সাবলেট হিসেবে ওঠে ফয়সাল ও কাকলী দম্পতি। পরে শিশুর সঙ্গে সখ্য গড়ে সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে অপহরণ করে তারা। শিশুকে বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিতে চাইলে নির্যাতন ও হত্যার হুমকিও দেওয়া হতো।
জানা গেছে, ১৯ অক্টোবর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকার একটি বাসা থেকে চার বছর বয়সী শিশু আব্দুল হাদি নূর নিখোঁজ হয়। শিশুর মা খোঁজাখুঁজির পর জানতে পারেন, পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। তারা ইমোতে ম্যাসেজ পাঠিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবার প্রথমে ৫ হাজার টাকা পাঠালেও শিশুকে ফিরে পায়নি। দুই দিন ধরে পুলিশের তৎপরতার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে শিশুর অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। পুলিশ ফয়সাল ও কাকলী দম্পতিকে গ্রেপ্তার করে এবং অক্ষত অবস্থায় শিশুকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, দম্পতিটি নিয়মিত বিভিন্ন হোটেলে ভাড়া থাকত এবং সাবলেটের আড়ালে শিশু অপহরণ করত। তাদের কাছ থেকে ১৫–২০টি সিম পাওয়া গেছে। তদন্ত চলছে, তারা মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত কি না তা দেখা হচ্ছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম নাগরিকদের সতর্ক করেছেন, সাবলেট দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয়পত্র, পেশা ও উৎস যাচাই করা জরুরি, যাতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এমবি/এসআর

