রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৯ জন গ্রেপ্তার
রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। তার কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসআই নাজমুল আরও জানান, শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা ও কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
জানা গেছে, শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়েরবাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থেকে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এমবি এইচআর

