দুবাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি

দীর্ঘ পাঁচ বছর দুবাইয়ে পালিয়ে থাকার পর দেশে ফিরেই পুলিশের হাতে ধরা পড়লেন চট্টগ্রামের পটিয়ার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৫)।

Nov 2, 2025 - 13:38
 0  2
দুবাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ৫৭ মামলার আসামি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দীর্ঘ পাঁচ বছর দুবাইয়ে পালিয়ে থাকার পর দেশে ফিরেই পুলিশের হাতে ধরা পড়লেন চট্টগ্রামের পটিয়ার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৫)। তাঁর বিরুদ্ধে রয়েছে মোট ৫৭টি মামলা। শনিবার (১ নভেম্বর) বিকেল চারটার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।

রুহুল আমিন চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুস সালাম। জানা গেছে, চট্টগ্রাম নগরের চাক্তাই ফিশারিঘাট এলাকায় তাঁর মাছের আড়ত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বেশির ভাগই চেক প্রতারণা সংক্রান্ত। এর মধ্যে ১০ মামলায় আদালত ইতোমধ্যে সাজা দিয়েছেন, বাকি মামলাগুলো বিচারাধীন। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি পরোয়ানাভুক্ত আসামি হয়েও গ্রেপ্তার এড়াতে পাঁচ বছর আগে দুবাই পালিয়ে যান।

সম্প্রতি তিনি গোপনে সিলেট হয়ে দেশে ফিরছিলেন, কিন্তু ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় বিমানবন্দর থেকেই ধরা পড়েন। পরবর্তীতে তাঁকে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, থানার অনুরোধে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে শনিবার রাতে রুহুল আমিনকে সিলেট থেকে পটিয়ায় নিয়ে আসা হয় এবং রবিবার সকালে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এমবি/টিআই