শাহবাগে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি মঞ্চায়ন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
রায় ঘোষণার পরদিন সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মৌলিক বাংলা’ নামে একটি সংগঠন শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকরের একটি দৃশ্য মঞ্চায়ন করে।
ঘটনাস্থলে দেখা যায়, নারীর অবয়বের একটি কুশপুত্তলিকাকে দুইজন জল্লাদের পোশাকে ধরে ফাঁসির মঞ্চে তুলছেন। পুতুলটির মুখে শেখ হাসিনার ছবি লাগানো ছিল। এরপর পুতুলটির মুখে কালো কাপড় পরিয়ে দেওয়া হয়। পাশেই ম্যাজিস্ট্রেটের সাজে থাকা একজন হাতের রুমাল ছাড়ার সঙ্গে সঙ্গে জল্লাদদের ভূমিকায় থাকা দুজন পুতুলটিকে দড়িতে ঝুলিয়ে দেন।
সংগঠনের নেতারা জানান, এই প্রতীকী মঞ্চায়নের মাধ্যমে তারা মূলত সরকারকে উৎসাহ দিতে চেয়েছেন যেন সরকার দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়ন করতে পারে। তারা আরও জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতীয় দূতাবাসে একটি স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।
এমবি এইচআর

