ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে ইটের রেলিং ভেঙে নিহত হওয়া লক্ষ্মীপুরের আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহেরাব হোসেন রিমন (১২)-এর দাফন সম্পন্ন হয়েছে।

Nov 22, 2025 - 14:05
 0  2
ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে ইটের রেলিং ভেঙে নিহত হওয়া লক্ষ্মীপুরের আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে মেহেরাব হোসেন রিমন (১২)-এর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস সুন্নাহ মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভোরে মরদেহ গ্রামে পৌঁছালে শোকের মাতম নেমে আসে পুরো পরিবারে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহিম রাজধানীর সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকালে মেজো ছেলে রিমনকে নিয়ে বাজারে বের হলে ভূমিকম্পের সময় একটি ভবনের ইটের রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

বশিকপুর মহিলা মাদরাসার সুপার ও নিহতদের আত্মীয় মাওলানা মোরশেদ আলম জানান, রিমন পুরান ঢাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। আব্দুর রহিম ভালো ব্যবহার আর সহজ-সরল স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, “রহিম ও রিমনের মৃত্যু আমাদের ইউনিয়নের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের চলে যাওয়া আমাদের সবাইকে শোকাহত করেছে। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেন। আমরা তাদের পরিবারের পাশে আছি।”

এমবি এইচআর