সাভারে বিশেষ অভিযানে ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জালাল উদ্দিন।

Dec 4, 2025 - 19:05
 0  2
সাভারে বিশেষ অভিযানে ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জালাল উদ্দিন।

ডিবির তথ্য অনুযায়ী, বুধবার রাতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ সুন্দর কাথা গ্রামের গুলজার হোসেন মানিকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন আপন (২৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ডুবা দাঙ্গা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. আল আমিন (৩২) এবং সাভারের তেঁতুলঝোড়া পূর্বহাটি গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সাভার, আশুলিয়া, ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জামালপুর, মাদারিপুরসহ বিভিন্ন জেলায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, “পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার পর ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার মধুমতি মডেল টাউন থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অপরাধ ইতিহাস (পিসিপিআর) যাচাইয়ে পূর্বের নানা মামলার তথ্য পাওয়া যায়।”

এমবি এইচআর