রাজধানীতে মা–মেয়ে হত্যায় পলাতক গৃহকর্মী আয়েশা গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নির্মমভাবে হত্যার মামলায় পলাতক গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নির্মমভাবে হত্যার মামলায় পলাতক গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং সর্বশেষ অবস্থান শনাক্তের ভিত্তিতে বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়।
গত সোমবার মোহাম্মদপুরের একটি বহুতল ভবনে লায়লা ফিরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে ঘর থেকে পালিয়ে যান আয়েশা। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে ভবনের লিফটে ওঠে ৭ তলায় যান আয়েশা। ঘটনার পর সকাল ৯টা ৩৫ মিনিটে স্কুল ড্রেস পরে, মুখে মাস্ক ও কাঁধে ব্যাগ নিয়ে ভবন থেকে বেরিয়ে যান তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পর নিজের পরিচয় গোপন করতে পোশাক পরিবর্তন করে ভবন ছাড়েন তিনি।
গ্রেফতারের পর তাঁকে ঢাকায় আনা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে হত্যার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এমবি এইচআর

