সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীর ও শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Dec 15, 2025 - 12:39
 0  2
সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীর ও শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে অভিযুক্ত অন্যরা হলেন— মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ৫ আগস্ট ২০২৪–এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালিয়ে আসছেন। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এতে দাবি করা হয়, বিবাদীদের এসব বক্তব্য ও পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকার ধানমন্ডি এলাকার একটি জিম থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।

এমবি এইচআর