তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলমুক্তি

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোল মুক্ত থাকবে। এই তথ্য বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।

Dec 24, 2025 - 15:35
 0  4
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলমুক্তি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোল মুক্ত থাকবে। এই তথ্য বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।

এদিকে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে বিএনপি নানা প্রস্তুতি নিয়েছে। সরকারের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

সালাহউদ্দিন আরও জানান, তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নির্দেশনা অনুসারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। তবে রাজধানীর একপাশে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনে একটি স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে তারেক রহমান শুধু দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশবাসীর কল্যাণ কামনা করবেন। ওই অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না।

এমবি এইচআর