নির্ধারিত সময়েই হতে হবে জকসু নির্বাচন: জবি শিবিরের দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির অভিযোগ করেছে, একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন বানচালের নীলনকশা করছে। তারা সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেয়ার মাধ্যমে এই অভিযোগ উত্থাপন করে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

স্মারকলিপিতে পূর্বঘোষিত ২৭ নভেম্বরের মধ্যে জকসু ও হল সংসদের নির্বাচন সম্পন্ন করার দাবি জানানো হয়। শিবির বলেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত সময় অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং কোনো যৌক্তিক কারণ ছাড়াই নির্বাচন পেছানো হলে সেটাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হবে।
তারা স্মারকলিপিতে উল্লেখ করেছে, ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর জাতীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মসূচির কারণে এই সময়ের পর নির্বাচন করা কঠিন হবে। এছাড়া শীতকালীন ছুটির কারণে শিক্ষার্থীরা অনেক সময় বাসায় থাকবে না, তাই ২০ তারিখের পরও নির্বাচন আয়োজন সম্ভব নয়।
জবি শিবিরের দাবি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবির পর প্রশাসন ২৭ নভেম্বর নির্বাচন করার রোডম্যাপ প্রকাশ করেছে। গত ৭ অক্টোবর পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি এবং ২৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এমবি এইচআর