হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাবিতে উল্লাস, মিষ্টি বিতরণ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর উল্লাসে মেতে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর উল্লাসে মেতে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে রায় ঘোষণার পরপরই মিষ্টি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বহু প্রতীক্ষিত। আমরা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে মিষ্টি বিতরণ করেছি। তবে সত্যিকারের আনন্দ হবে তখন, যখন এই রায় বাস্তবায়ন হবে। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে হোক বা অন্য যেকোনো প্রক্রিয়ায় হোক, তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা উচিত।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শেখ হাসিনার হাতে নির্যাতিত ও নিহতদের পরিবার এই রায়ের প্রতীক্ষায় ছিল। প্রজন্মের পর প্রজন্ম যারা সহিংসতার শিকার হয়েছে, তাদের জন্যই এই বিচার।
জিএস সালাউদ্দিন আম্মার বলেন, এই রায় বাংলাদেশের মানুষের ১৭ বছরের দমন-পীড়নের ফল। আওয়ামী লীগ সংশ্লিষ্ট পরিবার পর্যন্ত শেখ হাসিনার পেটোয়া বাহিনীর অত্যাচারের শিকার হয়েছে। তিনি বলেন, যেকোনো প্রক্রিয়ায় দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে।
এমবি এইচআর

