অধ্যাদেশ না হলে টানা আন্দোলনের ঘোষণায় সাত কলেজ

রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামছেন অধ্যাদেশ জারির দাবিতে। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ তারা শিক্ষাভবন ঘেরাও কর্মসূচি পালন করবেন।

Dec 7, 2025 - 11:37
 0  2
অধ্যাদেশ না হলে টানা আন্দোলনের ঘোষণায় সাত কলেজ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামছেন অধ্যাদেশ জারির দাবিতে। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ তারা শিক্ষাভবন ঘেরাও কর্মসূচি পালন করবেন।

শিক্ষার্থীদের এক দফা দাবি— অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা জানাচ্ছেন, এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা, এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী গভীর সমস্যায় পড়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—
২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ ও তিন দফা বৈঠক হলেও এখনো সিদ্ধান্ত আসেনি, যা শিক্ষার্থীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

আজকের কর্মসূচি প্রসঙ্গে আন্দোলনকারীরা জানান—
অধ্যাদেশ জারি না হলে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষা ভবনের সামনে পদযাত্রা এবং পরবর্তীতে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে ঢাকা কলেজের সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন—
“দীর্ঘদিন ধরে সাত কলেজকে কেন্দ্র করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আটকে আছে। পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় আমরা বিপাকে। আমাদের একমাত্র দাবি—অধ্যাদেশ।”

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানায়—
সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

এমবি এইচআর