বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে তাঁকে ‘কাফির’ ও ‘মুরতাদ’ আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

Dec 9, 2025 - 14:41
 0  6
বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে তাঁকে ‘কাফির’ ও ‘মুরতাদ’ আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

রোববার বেগম রোকেয়া দিবসে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেগম রোকেয়ার একটি ফটো কার্ড শেয়ার করে লেখেন— “আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।”
কার্ডটিতে বেগম রোকেয়ার বিভিন্ন লেখার অংশ তুলে ধরে ধর্মীয় ব্যাখ্যায় সমালোচনা করা হয়েছে।

পোস্টের নিচে এক ব্যবহারকারী ‘সরি স্যার’ মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের একটি স্ক্রিনশট সংযুক্ত করেন, যেখানে ‘আমিই রোকেয়া’ লোগোর সামনে দাঁড়িয়ে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে ৫ ডিসেম্বরও বেগম রোকেয়ার বিভিন্ন বক্তব্যের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করে আরেকটি পোস্ট শেয়ার করেন ওই শিক্ষক।

এদিকে একই দিনে রাজধানীতে নারী শিক্ষা, অধিকার ও জাগরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দিনের এমন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মন্তব্যকে অনেকে উত্তেজক ও অবমাননাকর হিসেবে দেখছেন।

মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের পর ২০১৩ সালে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে।

তার এই মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, শিক্ষকের এমন বক্তব্য নারীর অগ্রযাত্রা ও বেগম রোকেয়ার ঐতিহাসিক অবদানকে অসম্মানিত করে।

এমবি এইচআর