রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবির জবাবে নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া
রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাশিয়া থেকে তেল কেনা বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে, অস্থির বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে তাদের প্রধান লক্ষ্য হলো দেশীয় ভোক্তার স্বার্থ রক্ষা করা, কোনো বিদেশি চাপ নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “ভারত জ্বালানি তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ আমদানিকারক দেশ। অস্থির বৈশ্বিক জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করাই আমাদের নীতির মূল লক্ষ্য। আমাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে এই লক্ষ্যকে কেন্দ্র করেই পরিচালিত।”
তিনি আরও বলেন, “স্থিতিশীল জ্বালানি মূল্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করাই ভারতের জ্বালানি নীতির দুটি প্রধান অগ্রাধিকার। এর মধ্যে রয়েছে জ্বালানি উৎসের বহুমুখীকরণ এবং বাজার পরিস্থিতি অনুযায়ী সমন্বয়।”
বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সরবরাহ সহযোগিতা বাড়াতে ভারতের দীর্ঘদিনের প্রচেষ্টা রয়েছে। গত এক দশকে এ খাতে ধারাবাহিক অগ্রগতি হয়েছে। বর্তমান মার্কিন প্রশাসনও ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ দেখিয়েছে, এবং এ বিষয়ে আলোচনা চলছে।”
এর আগে ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ট্রাম্প বলেন, “মোদিজি আমাকে বলেছেন, রাশিয়া থেকে আর তেল কেনা হবে না। কিছুটা সময় লাগবে, তবে প্রক্রিয়াটি শিগগিরই শেষ হবে।”
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলো ভারতের রাশিয়া থেকে তেল কেনাকে সমালোচনা করে আসছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বারবার বলেছেন, ভারত কেবল নিজের নাগরিকদের স্বার্থে সেরা চুক্তিই খুঁজছে। তিনি পশ্চিমা বিশ্বের প্রতি ইঙ্গিত করে বলেন, “ইউরোপের সমস্যা যেন বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের নয়—এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।”
ট্রাম্প প্রশাসনের সময় রাশিয়া থেকে ভারতের তেল কেনাই যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের অন্যতম কারণ ছিল। অন্যদিকে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ভারতের বিরোধী দলগুলোও সরব হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্সে লিখেছেন, “মোদিজি ট্রাম্পকে ভয় পান। তিনি ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে দেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।”
এমবি এইচআর

