ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১৫

ভারতের ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে মাওবাদীদের সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)–এর তিন সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন।

Dec 4, 2025 - 13:14
 0  3
ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১৫
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভারতের ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে মাওবাদীদের সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)–এর তিন সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। বাকিদের মধ্যে ১২ জনই মাওবাদী সদস্য। সংঘর্ষে আরও দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বুধবার ছত্তীসগঢ় পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পাটিলিঙ্গম জানান, দন্তেওয়াড়া ও বিজাপুর জেলার ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় সিআরপিএফের কমান্ডো বাহিনী কোবরা মিলিতভাবে এ অভিযান পরিচালনা করেছে। নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)–এর সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)–র উপস্থিতির তথ্য পেয়ে যৌথবাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালালে গোলাগুলি শুরু হয়।

সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস রাইফেল, অন্যান্য অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়েছে।

চলতি বছর ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ২৭৫ জন মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ও তার স্ত্রী অরুণা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, এবং পিএলজিএ’র শীর্ষ কমান্ডার মাধভী হিডমার মতো নামি নেতারাও রয়েছেন।

এমবি এইচআর