ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাশিয়ার ওপর প্রথম নিষেধাজ্ঞা, ইইউ-এর এলএনজি আমদানি নিষিদ্ধ
যুক্তরাষ্ট্র ও ইউরোপ একই দিনে রাশিয়ার জ্বালানি খাতের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (২২ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট ইস্যুতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্র ও ইউরোপ একই দিনে রাশিয়ার জ্বালানি খাতের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (২২ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট ইস্যুতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার শীর্ষ দুটি জ্বালানি তেল কোম্পানি ‘রসনেফট’ ও ‘লুকঅয়েল’। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট পুতিন এই অর্থহীন যুদ্ধ শেষ করতে অস্বীকার করছেন। তাই আমরা রাশিয়ার সেই দুই বৃহৎ তেল কোম্পানিকে নিষিদ্ধ করছি, যারা ক্রেমলিনের যুদ্ধযন্ত্রকে অর্থ জোগায়।”
একইদিন ইউরোপীয় ইউনিয়নও তাদের ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে, যাতে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। নির্দেশনা অনুযায়ী, স্বল্পমেয়াদি চুক্তি ৬ মাস পর শেষ হবে এবং দীর্ঘমেয়াদি চুক্তি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পুরোপুরি নিষিদ্ধ হবে।
বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের একটি বড় নীতিগত পরিবর্তন। এর আগে তিনি মূলত বাণিজ্যিক পদক্ষেপে নির্ভর করলেও এবার সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে ট্রাম্প মন্তব্য করেছেন, “এই নিষেধাজ্ঞা বেশি দিন রাখতে চাই না,” কারণ দীর্ঘমেয়াদে এটি ডলারের বৈশ্বিক আধিপত্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
নিষেধাজ্ঞা ঘোষণার পরই বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়ে ৬৪ ডলার ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন পদক্ষেপে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ১১৭টি জাহাজ নিষিদ্ধ তালিকায় যুক্ত হয়েছে, ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৮।
এছাড়া, রাশিয়ার নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্যে সহায়তার অভিযোগে চীনের তেল খাতসংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।
একজন ইউক্রেনীয় কর্মকর্তা একে ‘দারুণ খবর’ বলে মন্তব্য করেন এবং জানান, কিয়েভ দীর্ঘদিন ধরে রসনেফট ও লুকঅয়েলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দাবি করে আসছিল।
এমবি এইচআর

