যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষুধার তীব্র সংকট, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও মানবিক সংকটের তীব্রতা কমেনি। ক্ষুধা ও অপুষ্টিতে বিপর্যস্ত জনজীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Oct 24, 2025 - 11:57
 0  2
যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষুধার তীব্র সংকট, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও মানবিক সংকটের তীব্রতা কমেনি। ক্ষুধা ও অপুষ্টিতে বিপর্যস্ত জনজীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বৃহস্পতিবার জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও গাজার পরিস্থিতি এখনো “বিপর্যয়কর পর্যায়ে” রয়েছে।

গাজায় খাদ্য সহায়তার ঘাটতি নিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, প্রতিদিন যেখানে দুই হাজার টন ত্রাণ প্রবেশের কথা, সেখানে মাত্র ৭৫০ মেট্রিক টন খাদ্যসামগ্রী পৌঁছাতে পারছে। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন মাত্র দুটি সীমান্ত ক্রসিং — দক্ষিণে কারেম আবু সালেম ও মধ্যাঞ্চলে আল-কারারা — খোলা থাকায় ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলকে মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। অক্সফাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ ৪১টি সংস্থা এক খোলা চিঠিতে জানিয়েছে, ১০ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক এনজিওগুলোর ৯৯টি ত্রাণ অনুমোদনের আবেদন এবং জাতিসংঘ সংস্থার ছয়টি আবেদন ইসরায়েল কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে।

গাজার ভেতরে এখনো পর্যাপ্ত খাদ্য পৌঁছাতে না পারায় অন্তত এক-চতুর্থাংশ মানুষ চরম অনাহারে ভুগছেন। জাতিসংঘের তথ্যমতে, এর মধ্যে প্রায় ১১ হাজার ৫০০ অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। নবজাতকদের মধ্যে প্রায় ৭০ শতাংশই এখন অপরিণত অবস্থায় জন্ম নিচ্ছে—যা ২০২৩ সালের অক্টোবরের আগে ছিল মাত্র ২০ শতাংশ।

স্থানীয় এনজিও পিএআরসির কর্মকর্তা বাহা জাকুত জানান, যুদ্ধবিরতির পরও গাজার বাজারে টমেটো, সবজি ও ফলমূলের দাম কয়েকগুণ বেড়ে গেছে। এক কেজি টমেটো এখন প্রায় ১৫ শেকেলে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১ শেকেল।

ডব্লিউএইচও প্রধান গেব্রেয়াসুস বলেছেন, যথেষ্ট খাদ্য না পৌঁছানো পর্যন্ত গাজার মানুষের দুর্ভোগ কমবে না। গাজায় অপুষ্টিজনিত সংকট এখন পুরো এক প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

এমবি এইচআর