যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সবাই নিহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহী সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় সময় দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম কেআরটিভি ও মন্টানা টেলিভিশন নেটওয়ার্ক (এমটিএন)।

Oct 25, 2025 - 20:17
 0  4
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সবাই নিহতের আশঙ্কা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহী সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় সময় দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম কেআরটিভি ও মন্টানা টেলিভিশন নেটওয়ার্ক (এমটিএন)।

লুইস অ্যান্ড ক্লার্ক কাউন্টির শেরিফ লিও ডাটন জানিয়েছেন, বিমানটি মন্টানার লিঙ্কন বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়। লিঙ্কন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরিফ ডাটন বলেন, “দুর্ঘটনার প্রাথমিক চিত্র দেখে মনে হচ্ছে কেউ বেঁচে নেই। বিমানে কতজন ছিলেন এবং তাদের পরিচয় কী, তা এখনো নিশ্চিত করা যায়নি।” তিনি আরও জানান, বিমানের ধরণ শনাক্তের কাজ চলছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তারা স্থানীয় শেরিফের অফিস ও মন্টানা পরিবহন বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

এমটিএন নিউজের সর্বশেষ তথ্যে জানা গেছে, উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত উদ্ধারকর্মী মোতায়েন করা হবে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ ও বিমানে থাকা ব্যক্তিদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি অবতরণের সময় কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।

এমবি এইচআর