আত্মসমর্পণরত নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েল
দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় আত্মসমর্পণরত দুজন নিরস্ত্র ফিলিস্তিনিকে কাছে থেকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও ফুটেজ ফিলিস্তিন টিভিতে প্রচারিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ফুটেজে দেখা যায়, জেনিন শহরের একটি ভবন ঘিরে থাকা ইসরায়েলি বাহিনীর সামনে দুই ফিলিস্তিনি বেরিয়ে এসে আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে শার্ট তুলছেন এবং মাটিতে শুয়ে পড়ছেন। কিছুক্ষণ পর বাহিনীর ইশারায় তারা আবার ভবনের ভেতরে যান এবং পরে খুব কাছ থেকে গুলির শব্দ শোনা যায়।
সেখানে উপস্থিত এক রয়টার্স সাংবাদিক জানান, তিনি দুই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে দেখার পর গুলির শব্দ শুনেছেন। কিছুক্ষণ পর তিনি দেখেন, ইসরায়েলি বাহিনী নিথর একটি দেহের পাশে দাঁড়িয়ে রয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহতদের পরিচয় ২৬ বছর বয়সী মনতাসির আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা। তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভবন থেকে বেরিয়ে আসা সন্দেহভাজনদের ওপর গুলি চালানোর ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে কেন আত্মসমর্পণ অবস্থায় থাকা ব্যক্তিদের ফিরিয়ে নিয়ে পরে গুলি করা হলো, সে বিষয়ে বিবৃতিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এমবি এইচআর