দুদকের মামলায় এসকে সুরের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সেদিন সকালে এসকে সুরকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানিতে দুদকের পক্ষে প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় অব্যাহতির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি।
শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এ সময় এসকে সুর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে আদালত অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছিল। তিনি গত বছরের ২৭ অক্টোবর নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে বিবরণী দাখিল করেননি।
ফলে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন গত বছরের ২৩ ডিসেম্বর কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। চলতি বছরের ২৫ আগস্ট তদন্ত শেষে এসকে সুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল এসকে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকে তিনি আটক রয়েছেন।
এমবি এইচআর

