দুদকের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, বাদীর জেরা আসন্ন

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়ার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

Nov 6, 2025 - 15:47
 0  2
দুদকের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, বাদীর জেরা আসন্ন
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়ার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আসামি খুরশীদ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বাদীকে জেরা করার অনুমতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই অনুমতি প্রদান করেন।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, ‘শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন হয়েছে। বাদীকে জেরা করার জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের মামলায় তদন্ত কর্মকর্তার আংশিক জেরা হয়েছে। তবে সায়মা ওয়াজেদ পুতুলের মামলায় এখনও সাক্ষ্যগ্রহণ হয়নি।’

আদালত আগামী ১০ নভেম্বর তিন মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের ছয় মামলায় অভিযোগ গঠন করে আদালত এবং আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলাগুলোতে অভিযোগ আনা হয়েছে যে, সরকারের শীর্ষ পদে থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার পরিবার পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন।

এমবি এইচআর