জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা; জুলাইযোদ্ধাকে মারধর ও নির্যাতনের অভিযোগ
মেঘনাবার্তা প্রতিনিধি: জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে **শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)**কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন—সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী এবং সোনিয়া আক্তার লুবনা।
মামলার অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে গুলিবিদ্ধ হন। ওই সময় জুলাই ফাউন্ডেশন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাড়ায়।
চলতি বছরের ২৭ মে দুপুর ১২টার দিকে বাদী জাহাঙ্গীর আলম জুলাই ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে আসামিদের সঙ্গে সাক্ষাৎ করার পর একটি আলোবিহীন কক্ষে নিয়ে তাকে মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, এ সময় জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয়, জ্ঞান হারানোর পরও পুনরায় মারধর চালানো হয়।
এছাড়া তাকে ভুয়া জুলাইযোদ্ধা বলার জন্য চাপ দেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয় এবং ফেসবুকে থাকা পোস্ট ও ছবি দেখিয়ে আরও মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, আসামিরা জোরপূর্বক ডান হাতে ইনজেকশন প্রয়োগ করেন এবং তাকে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেন। পরে তিনি নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
– এমবি/এসআর

