মানবতাবিরোধী অপরাধ: আট অভিযোগে হাসানুল হক ইনুর বিচার শুরু

জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন।

Nov 2, 2025 - 16:40
 0  10
মানবতাবিরোধী অপরাধ: আট অভিযোগে হাসানুল হক ইনুর বিচার শুরু
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্যান্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ পড়ে শোনানো হয় এবং তাকে দোষী-নির্দোষ জিজ্ঞাসা করা হয়। ইনু নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং বিচার কার্যক্রম শুরু করার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন।

ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগগুলো অস্বীকার করে অব্যাহতির আবেদন করলেও প্রসিকিউশন প্রমাণ করার চেষ্টা করছেন যে, ইনু ১৪ দলীয় জোটের শরিক নেতা হওয়ায় কমান্ড রেসপনসিবিলিটির আওতায় আসেন এবং জুলাই-আগস্ট আন্দোলনের দমন প্রক্রিয়ায় তিনি সরাসরি জড়িত ছিলেন।

গত বছর ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া ইনু বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জন নিহত হন এবং এতে আহত হন আরও অনেকে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়া শুরু হয় এবং তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

বিচার শুরুর প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললেও এই দিন বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

এমবি এইচআর