পাঁচ মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাকাণ্ডসহ মোট পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাকাণ্ডসহ মোট পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনসংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।
আইভীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলোতে তিনি আইনি সুরক্ষা পেলেন।
গত মে মাসে একই মামলায় তার জামিন আবেদন lower court নামঞ্জুর করেছিল।
গত বছরের ২০ জুলাই আদমজী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় নিহত মিনারুলের বড় ভাই নাজমুল হক ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ১৩২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকেও আসামি করা হয়। সেই মামলায় আইভী ১২ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও মামলা যুক্ত হয়।
হাইকোর্টের জামিনের মাধ্যমে এসব মামলায় সাময়িক স্বস্তি পেলেন সাবেক মেয়র।
এমবি এইচআর

