জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
মেঘনাবার্তা প্রতিনিধি: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।
স্বাক্ষর অনুষ্ঠানে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে ছয়টি সংস্কার কমিশন—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ—গঠন করা হয়। এসব কমিশনের প্রস্তাব পর্যালোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া তৈরি করে।
দুই পর্বে মোট ৬৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে কমিশন ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছে। গত ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়। পরবর্তীতে মতামত গ্রহণ, সংশোধন এবং বিশেষজ্ঞদের পরামর্শের পর সনদের চূড়ান্ত কপি গত মঙ্গলবার দলগুলোর কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়।
জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ও তিন দফা দাবিতে সকাল থেকে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের স্বীকৃতি সনদে অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বস্ত করলেও তারা অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাদের সরিয়ে দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এমবি/এসআর

