ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Oct 18, 2025 - 18:48
 0  1
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশালের সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নেয়া হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, “যেহেতু আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচনের আগে যদি বিচার শেষ হয়, তখন বিষয়টি বিবেচনা করা হবে।”

এসময় এনসিপির শাপলা প্রতীকের দাবির বিষয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশনের তালিকায় শাপলা প্রতীক নেই, তাই আইন অনুযায়ী এ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবে পরিচালিত হবে না। সাংবাদিকরা যেন নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলাদা মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এমবি এইচআর