ইতিহাস থেকে শহীদদের রক্ত মুছে ফেলা যায় না : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিল। তিনি বলেন, “ইতিহাস থেকে কখনো শহীদদের রক্ত মুছে ফেলা যায় না। আজকের এই অনুষ্ঠান সেই সত্যের জীবন্ত প্রমাণ।”

Oct 18, 2025 - 19:20
 0  1
ইতিহাস থেকে শহীদদের রক্ত মুছে ফেলা যায় না : ধর্ম উপদেষ্টা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিল। তিনি বলেন, “ইতিহাস থেকে কখনো শহীদদের রক্ত মুছে ফেলা যায় না। আজকের এই অনুষ্ঠান সেই সত্যের জীবন্ত প্রমাণ।”

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হেফাজতে ইসলামের শহীদ ৫৮ জন ও ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে শহীদ ১৯ জনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার ৫ মে’র হত্যাযজ্ঞের মাধ্যমে ভেবেছিল বাংলাদেশ থেকে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনকে দমন করা সম্ভব হবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, রক্তে লেখা আন্দোলন কখনো দমন করা যায় না।

তিনি আরও বলেন, “সেদিন শাপলা চত্বরে সাত হাজারেরও বেশি পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য হেফাজতের কর্মীদের ওপর হামলা চালিয়েছিল। প্রায় দেড় লাখ গুলি খরচ করা হয়েছিল, তবু সেই ঘটনার স্মৃতি আজও অম্লান।”

ধর্ম উপদেষ্টা আহ্বান জানান, হেফাজতে ইসলামের শহীদ ও আহতদের বিস্তারিত তালিকা প্রস্তুত করতে, যাতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।

এসময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের শহীদদের নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্মরণ করতে পারে।

অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা মাজেদুর রহমান, জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খেলাফতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির ড. মুহিবুল্লাহ বাবুনগরী শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ জানান।

এমবি এইচআর