দূষণ কমানোয় একসময় বিশ্বসেরা রাজশাহী, এখন দূষণে শীর্ষে

Oct 20, 2025 - 16:27
 0  2
দূষণ কমানোয় একসময় বিশ্বসেরা রাজশাহী, এখন দূষণে শীর্ষে

মেঘনাবার্তা প্রতিনিধি: একসময় বায়ুদূষণ কমানোর দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজশাহী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পাওয়া সেই শহরই এখন দেশের সবচেয়ে দূষিত নগরীতে পরিণত হয়েছে। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট, ইটভাটা ও বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা রাজশাহীর নির্মল বাতাস কেড়ে নিচ্ছে দ্রুত।

সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, রবিবার (২০ অক্টোবর) সকালে দেশের আট বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে— ১৬৭। খুলনায় এ সংখ্যা ১৫৭, রংপুরে ১৩৭, বরিশালে ১১৪, আর চট্টগ্রামে মাত্র ৭৩। মানদণ্ড অনুযায়ী ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

একসময় রাজশাহীর ছিল গর্বের ইতিহাস। ২০১৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রাজশাহীকে বিশ্বের সবচেয়ে সফল শহর হিসেবে স্বীকৃতি দিয়েছিল বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার তথ্যমতে, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে শহরটির বাতাসে ভাসমান ধূলিকণা কমে যায় প্রায় ৬৭ শতাংশ— যা বিশ্বের সেরা সাফল্যগুলোর একটি।

কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ উল্টো। স্টামফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, দেশের আট বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে দূষিত বাতাস এখন রাজশাহীর। বাতাসে অতি ক্ষুদ্র কণার (PM 2.5) উপস্থিতি প্রতি ঘনমিটারে ১১৫ মাইক্রোগ্রাম, যা নিরাপদ মানের প্রায় দ্বিগুণ।

বিশেষজ্ঞদের মতে, এই সূক্ষ্ম কণাগুলো ফুসফুস ও রক্তপ্রবাহের গভীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, হৃদরোগ, এমনকি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

আইকিউএয়ারের পরামর্শে নগরবাসীকে সতর্ক করা হয়েছে—

  • বাইরে গেলে মাস্ক পরা,

  • জানালা বন্ধ রাখা,

  • বাইরে ব্যায়াম এড়িয়ে চলা,

  • এবং দূষিত এলাকায় দীর্ঘ সময় না থাকা।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC)-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৫.৫ বছর কমে যাচ্ছে, যা দেশের জন্য সবচেয়ে বড় বাহ্যিক স্বাস্থ্যঝুঁকি।

এমবি/এসআর