এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত, দুই ধাপে কার্যকর হবে সিদ্ধান্ত
অবশেষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই বাড়তি ভাতা দুই ধাপে কার্যকর হবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অবশেষে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই বাড়তি ভাতা দুই ধাপে কার্যকর হবে।
মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) এবং আগামী বছরের জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা কার্যকর হবে, যা মিলিয়ে মোট ১৫ শতাংশে পৌঁছাবে।
দীর্ঘদিনের দাবি পূরণে এ সিদ্ধান্তকে শিক্ষা খাতে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। আলোচনার মাধ্যমে সরকার ও শিক্ষক সমাজের মধ্যে সমঝোতায় পৌঁছানোয় সংকট নিরসনের পথ খুলেছে বলে মনে করা হচ্ছে।
এর আগে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে অনশন শুরু করেছিলেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলমান এই আন্দোলনে ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ক্লাসে ফিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন।
এমবি এইচআর

