মেট্রো স্টেশনে ঢুকে না চড়লেও কাটবে ১০০ টাকা

ঢাকায় মেট্রোরেল যাত্রীদের জন্য চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে কোনো যাত্রী স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর মেট্রোতে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে ১০০ টাকা জরিমানা।

Oct 22, 2025 - 14:04
 0  2
মেট্রো স্টেশনে ঢুকে না চড়লেও কাটবে ১০০ টাকা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকায় মেট্রোরেল যাত্রীদের জন্য চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে কোনো যাত্রী স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর মেট্রোতে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে ১০০ টাকা জরিমানা।

এর আগে কেউ স্টেশনে প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না। তবে গত সোমবার (২০ অক্টোবর) থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন এই নিয়ম কার্যকর করেছে। রাজধানীর বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।

ডিএমটিসিএলের জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে, একই স্টেশনে বিনা ভাড়ায় প্রবেশ ও প্রস্থান (এন্ট্রি-এক্সিট) আর সম্ভব নয়। কেউ একই স্টেশনে কার্ড স্ক্যান করে ঢুকে আবার বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।

নতুন নিয়মে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বিষয়টিকে অযৌক্তিক ও যাত্রীবান্ধব নয় বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেক যাত্রী।

ডিএমটিসিএলের কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা জানান, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে স্টেশনে বিনা ভাড়ায় প্রবেশ ও প্রস্থান বন্ধ রাখা হয়েছে। এর উদ্দেশ্য, যাত্রীদের নিয়ম মেনে মেট্রোরেল ব্যবহার নিশ্চিত করা এবং যাত্রী চলাচলের সঠিক হিসাব রাখা।

এমবি এইচআর