জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আগামী নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গত ১৭ বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমান কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকের ভোট দেওয়ার বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই। তাই আমরা সারা দেশে ট্রেনিং চালাচ্ছি—ডিএমপিতেও। আমি সবসময় অফিসারদের বলছি, ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।”
কমিশনার আরও বলেন, এবারের নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশ আশা করা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তারা পরিস্থিতি জটিল করতে পারে। “একটি দল নিষিদ্ধ ঘোষিত। তারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করতে পারে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি— যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।”
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেছেন, নভেম্বরের শেষ দিকে দেশে “চমৎকার নির্বাচনী পরিবেশ” তৈরি হবে। তিনি বলেন, “এখন সবাই নির্বাচনের মুখোমুখি। জনগণ ভোট দিতে চায়। এমনকি যাদের বয়স ৩৫-৪০, তারা জীবনে প্রথমবার ভোট দিচ্ছেন—এটি আমাদের দেশের জন্য দুঃখজনক।”
রাজনীতি নিষিদ্ধ দলের মিছিল-সমাবেশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হয়েছে, তবে বাস্তবে তেমন কিছু হয়নি।
কমিশনার বলেন, “সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
এমবি এইচআর

