খতিব অপহরণকারীদের গ্রেপ্তারে সরকার কাজ করছে: ধর্ম উপদেষ্টা
গাজীপুরের টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাজীপুরের টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ধর্ম উপদেষ্টা জানান, খতিব অপহরণ ঘটনায় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর অপহরণ, গুম ও নির্যাতনের বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর মাধ্যমে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খতিবের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়েছে, এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে পরিবারের তত্ত্বাবধানে গাজীপুরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নিখোঁজের এক দিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় মুফতি মিয়াজীকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি তাকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালায়।
ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, ঘটনাটির পেছনে যারা জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এমবি এইচআর

