বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে যুক্ত হবে ৪ দেশের বিশেষজ্ঞ দল: স্বরাষ্ট্র উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অব্যবস্থাপনা বা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে চার দেশের বিশেষজ্ঞদের নিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

তিনি জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের একটি যৌথ দল গঠন করে ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ এবং দায়ী পক্ষ নির্ধারণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের চারটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালায়। তবে কার্গো এলাকায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের টানা প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরের দিন বিকেলে সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।
এমবি এইচআর