ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত করল ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশের ৬৪ জেলার সব সংসদীয় আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ থাকবে, যার মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারিত হয়েছে।
ইসি সচিব জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে এই সংখ্যা সামঞ্জস্য করা হতে পারে।
ইসির তথ্যমতে, খসড়া তালিকায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪২ হাজার ১৪৮টির তুলনায় কিছুটা বেশি। তবে এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে। গত নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, আর এবার কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাবনা থাকায় মাঠ পর্যায়ের সব প্রস্তুতি দ্রুত চূড়ান্ত করা হচ্ছে।
এমবি এইচআর

