নির্বাচন আয়োজনই এখন সরকারের মূল লক্ষ্য: শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এখন একটাই—নির্বাচন আয়োজন। এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

Oct 27, 2025 - 19:18
 0  1
নির্বাচন আয়োজনই এখন সরকারের মূল লক্ষ্য: শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এখন একটাই—নির্বাচন আয়োজন। এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা বিশিষ্ট আধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এখন পরিষ্কার, আমরা নির্বাচন করছি। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের ওপর। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। কমিশন যখন শিডিউল ঘোষণা করবে, তখন সরকারের কাজ হবে কেবল কমিশনকে সহযোগিতা করা।”

তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। একসময় পদ্মায় প্রচুর ইলিশ ধরা পড়ত, এখন তা চাঁদপুর হয়ে ভোলায় আসে। ভোলার ইলিশই এখন সবচেয়ে বেশি পাওয়া যায়। এই প্রক্রিয়াকে যদি ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া যায়, তবে হাজারো জেলে আরও সচ্ছল জীবনযাপন করতে পারবে।”

নৌ উপদেষ্টা বলেন, “ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো নৌপথ। এখানকার মানুষের নিরাপদ যাত্রার জন্যই বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এ ধরনের আধুনিক টার্মিনাল ভবন দেশে খুব একটা দেখা যায় না। টার্মিনালটি আপনাদের, এটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও আপনাদের।”

তিনি জানান, দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করা হয়েছে। পরিকল্পনা রয়েছে এটি ঢাকা-বরিশাল রুটে নিয়মিত চলবে, পাশাপাশি সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথেও চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশনের ইউএনও রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনেরও উদ্বোধন করেন।

এমবি এইচআর