জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হবে: ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। এসময় স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘আজ একটি মহান ঐতিহাসিক দিবস। যেটা শুরু হয়েছিল অভ্যুত্থান দিয়ে। তারপর জুলাই ঘোষণা, এরপর জুলাই সনদ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া—এটি একটি ঐতিহাসিক পরিবর্তন।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে, সেটা বাস্তবায়নের প্রক্রিয়া যদি সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিতে পারি; তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। আমরা অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাজে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে এই সনদের বাস্তবায়ন।’
এ সময় প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানান।
এমবি এইচআর

