আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কমিশনটি গঠন করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কমিশনটি গঠন করা হয়।
কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। সদস্য হিসেবে ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রথমে কমিশনকে ছয় মাস মেয়াদে প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হয়। সেই হিসাবে ১৫ আগস্ট মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কার্যক্রম শেষ না হওয়ায় দুই দফায় এক মাস করে এবং শেষ দফায় আরও ১৫ দিন বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন কমিশন— এই ছয় খাতে সংস্কারের জন্য কমিশনটি গঠিত হয়।
কমিশনের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রস্তুত করা হয়, যা সরকারের হাতে হস্তান্তর করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি।
এমবি এইচআর

