গণভোট নিয়ে সিদ্ধান্ত যা-ই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে: প্রেস সচিব

Nov 1, 2025 - 15:18
 0  2
গণভোট নিয়ে সিদ্ধান্ত যা-ই হোক,  নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে: প্রেস সচিব

মেঘনাবার্তা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যেকোনো সিদ্ধান্তই হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। কোনো শক্তিই এই নির্বাচন ঠেকাতে পারবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান।

গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে—এক দল এক কথা বলবে, অন্য দল অন্য কথা বলবে—এটাই গণতন্ত্রের নিয়ম। তবে কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ নেবেন। কিন্তু সিদ্ধান্ত যাই হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে। অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ—এটাকে ঠেকানোর কোনো শক্তি নেই।”

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রেস সচিব আরও বলেন, “প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সব দলের জন্য কল্যাণকর পদক্ষেপই নেবেন। এরই মধ্যে সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা করেছে এবং বেশ কিছু বড় পদক্ষেপ বাস্তবায়ন করেছে। অর্থনীতির পুনরুদ্ধার, ট্রায়ালের অগ্রগতি, কমিশনগুলোর রিপোর্ট গ্রহণসহ গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়েছে।”

তিনি আরও জানান, “আগামী ১৮ তারিখ শেখ হাসিনার ট্রায়াল সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। আদালত সেদিনই পরবর্তী তারিখ ঘোষণা করবে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে জনগণের প্রত্যাশিত বহু সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে।”

চব্বিশের গণ-অভ্যুত্থানে নারীর ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, “স্বৈরাচার পতনে নারী ও পুরুষ একসঙ্গে রাজপথে নেমেছিল। আজকের বাংলাদেশে নারীরা আর পিছিয়ে নেই—সবক্ষেত্রেই তারা নেতৃত্ব দিচ্ছেন।”

অনুষ্ঠানে জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমির সভাপতিত্বে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন প্রমুখ।

এমবি/এসআর