রাজনৈতিক অস্থিরতা, পোশাক খাতের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ

Nov 3, 2025 - 11:24
 0  1
রাজনৈতিক অস্থিরতা, পোশাক খাতের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ

মেঘনাবার্তা প্রতিনিধি:
রাজনৈতিক অস্থিরতা, গ্যাসসংকট ও বিদ্যুৎ ঘাটতির কারণে দেশের পোশাক খাতে নতুন কার্যাদেশ হারাচ্ছে বাংলাদেশ। অনেক ক্রেতা এখন প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে ঝুঁকছেন। উদ্যোক্তারা বলছেন, এই অবস্থা চলতে থাকলে রপ্তানি প্রবৃদ্ধি হুমকিতে পড়বে এবং অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

রবিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে পোশাক শিল্প সংশ্লিষ্ট নেতারা বলেন, কারখানাগুলোতে প্রতিদিনের লোডশেডিং ও গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে সময়মতো পণ্য পাঠাতে না পেরে অনেক রপ্তানিকারককে বাধ্য হয়ে বিমানপথে পণ্য পাঠাতে হচ্ছে— এতে ব্যয় বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।

এক বক্তা বলেন, “আমরা এখন এক কঠিন সময় পার করছি। দেশের সার্বিক অনিশ্চয়তার কারণে বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দিতে ভয় পাচ্ছেন।”
আরেকজন বলেন, “বিদ্যুৎ ও গ্যাসের স্থিতিশীল সরবরাহ না থাকলে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানির স্বপ্ন শুধু কাগজেই থাকবে।”

টেক্সটাইল মিল মালিকদের সংগঠনের এক নেতা অভিযোগ করেন, সরকারি পর্যায়ে আলোচনার সুযোগ না পেয়ে ব্যবসায়ীরা হতাশ হচ্ছেন। তিনি বলেন, “আমরা মাঠে মরছি, কারখানা বন্ধ হচ্ছে, অথচ কেউ আমাদের কথা শুনছে না। যেখানে বিমানবন্দর পুড়ে যায়, সেখানে বিদেশি ক্রেতা কি অর্ডার দেবে?”

উদ্যোক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত স্থিতিশীল পরিবেশ, জ্বালানি সরবরাহ ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার। তাঁদের মতে, এখনই পদক্ষেপ না নিলে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়বে।

এমবি/এসআর