এবার জেলবন্দি আসামিরাও ভোট দিতে পারবেন জাতীয় নির্বাচনে
মেঘনাবার্তা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন। পাশাপাশি প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা প্রায় ১০ লাখ কর্মকর্তারও ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে।
সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, “যারা নির্বাচনের দায়িত্বে থাকেন, তারা সাধারণত নিজেরাই ভোট দিতে পারেন না। এবার আমরা উদ্যোগ নিয়েছি, নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা সবাই ভোট দিতে পারবেন। একটি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে। গাইডলাইন অনুযায়ী তারা ভোট দিতে পারবেন।”
তিনি আরও জানান, আইনি হেফাজতে থাকা কারাগারী ভোটাররাও এ সুযোগ পাবেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “ভবিষ্যতের জন্য কী বাংলাদেশ রেখে যাব, কী ধরনের গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে—এ বিষয়ে আমি সারাক্ষণ ভাবি। এ দায়িত্বকে আমি চাকরি হিসেবে নিইনি, মিশন হিসেবে নিয়েছি। সংকটময় মুহূর্তে সাধারণ ধারায় কাজ করলে হবে না, ‘আউট অব দ্য ওয়েতে’ গিয়ে আমাদের কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
এমবি/এসআর

