জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই
মেঘনাবার্তা প্রতিনিধি: নির্বাচনে রাজনৈতিক জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে—এমন বিধান রেখে নতুন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বলে জানা গেছে।
নতুন এই সংশোধনের ফলে এখন থেকে কোনো রাজনৈতিক জোট বা মহাজোট একক প্রতীকে নির্বাচন করতে পারবে না। প্রতিটি দলের প্রার্থীকে নিজস্ব প্রতীকেই ভোট চাইতে হবে।
এর আগে জোটভিত্তিক নির্বাচনে একাধিক দল মিলে একটি প্রতীকের অধীনে প্রার্থী দেয়ার সুযোগ ছিল। নতুন বিধান কার্যকর হলে সেই ব্যবস্থা আর থাকবে না।
আইন বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে রাজনৈতিক জোটগুলোকে নতুন কৌশল নির্ধারণ করতে হবে। কারণ প্রার্থীরা দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নিলে ভোটের সমীকরণ ও আসন বণ্টনে প্রভাব পড়বে।
এ বিষয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “এই সিদ্ধান্ত জোট রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। অনেক দলকে এখন নিজেদের সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করতে হবে।”
সরকারি সূত্রে জানা গেছে, অধ্যাদেশটি দ্রুত কার্যকর হবে এবং নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনে এটি অনুসরণ করবে।
এমবি/এসআর

