চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা

Nov 10, 2025 - 16:28
 0  1
চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌপরিবহন উপদেষ্টা

মেঘনাবার্তা প্রতিনিধি:

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্দরের উন্নয়ন শুধু কথায় নয়— এর জন্য প্রয়োজন প্রযুক্তি, দক্ষতা ও বড় আকারের বিনিয়োগ। বর্তমানে চট্টগ্রাম বন্দর ঘিরে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার লালদিয়া চর কনটেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের বন্দর বেসরকারি অপারেটররা পরিচালনা করে। আমরাও ধীরে ধীরে সেদিকে এগোতে চাই। তবে দেশের স্বার্থবিরোধী কোনো প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না। তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরে কনটেইনার রাখার সক্ষমতা বর্তমানে ৫৬ হাজার টিইইউএস (TEUs) থেকে ১০ হাজার বেড়ে ৬৬ হাজারে উন্নীত হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য বড় সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, “বন্দরকে গতিশীল করতে যে প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, সেই প্রতিষ্ঠানই অগ্রাধিকার পাবে। দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ব্যবসায়ীরা যেন সুযোগ পান, সেটাই সরকারের লক্ষ্য।”

চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, “৩৭ বছর পর ট্যারিফ সমন্বয় করা হচ্ছে। ১৯৮৪ সালের নির্ধারিত মাশুলে বন্দর পরিচালনা করা এখন সম্ভব নয়। ব্যবসায়ীরা আয় করছেন হাজার টাকা, অথচ বন্দর পাচ্ছে মাত্র পাঁচশ। জনবল দিয়ে বন্দর চালাতে ব্যয় অনেক বেড়েছে। তাই ট্যারিফ হালনাগাদ সময়োপযোগী সিদ্ধান্ত।”

লালদিয়া চর টার্মিনাল সম্পর্কে জানানো হয়, ৩২ একর জায়গার ওপর নির্মিত এই টার্মিনালে ১৪ একর ইয়ার্ড, ৮ একর হেভি লিফট কার্গো জেটি ব্যাকআপ এবং ১০ একর জায়গায় এপিএম টার্মিনাল এলাকা থাকবে। এতে ১০ হাজার একক কনটেইনার ধারণক্ষমতা এবং ১ হাজার ৫০০ ট্রাক রাখার ব্যবস্থা থাকবে।

বিকেলে চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ ও পোর্ট চার্জেস সংক্রান্ত এক সভায় উপদেষ্টার অংশ নেওয়ার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয়। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি/এসআর