বিএনপি কর্তৃক টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর; নির্বাচন কর্মকর্তাকে মারধর

Nov 10, 2025 - 16:35
 0  5
বিএনপি কর্তৃক টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর; নির্বাচন কর্মকর্তাকে মারধর

মেঘনাবার্তা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয় এবং তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাজ না দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় একদল ব্যক্তি আওয়ামী ট্যাগ ব্যবহার করে অফিসে হামলা চালায়। তারা অফিসের বিভিন্ন কাগজপত্র নষ্ট করে এবং কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালাগাল করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত এ বিষয়ে বলেন, “নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীদের নিয়ে আমরা তার সঙ্গে দেখা করতে যাই। কিন্তু তিনি দুর্ব্যবহার করেন এবং কথাবার্তা না শুনেই অফিসে থাকা ব্যক্তিদের ভিডিও করতে বলেন। এতে উপস্থিতরা ক্ষুব্ধ হয়ে পড়েন।”

এদিকে, টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, সরকারি অফিসে হামলা ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, “সরকারি অফিস ভাঙচুর ও কর্মকর্তার ওপর হামলা গুরুতর অপরাধ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি অফিসে ভাঙচুরের প্রমাণ পেয়েছি। যদি নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে সেটি লিখিতভাবে দেওয়া উচিত ছিল। হামলার ঘটনায় নির্বাচন কর্মকর্তার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এমবি/এসআর