১২ প্রকল্পে স্বাক্ষর একনেকের, বাদ পড়ল নিবন্ধন অটোমেশন প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে, যেগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৫১ কোটি টাকা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে, যেগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৫১ কোটি টাকা। বিশেষ দিক হলো—এগুলোর পুরো অর্থায়নই আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। বিদেশি ঋণ ছাড়া এতগুলো প্রকল্প অনুমোদনের নজির এবারই প্রথম।
সোমবার পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভায় নতুন ৯টি, সংশোধিত ২টি এবং ব্যয় না বাড়িয়ে শুধু মেয়াদ বাড়ানো একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
-
মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
-
কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন
-
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন
-
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)
-
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়)
-
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন
-
স্বাস্থ্য শিক্ষা, নিপোর্ট ও নার্সিং-মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন
ইতিপূর্বে অনুমোদিত নয়টি প্রকল্প সম্পর্কেও সভায় অবহিত করা হয়। তার মধ্যে রয়েছে—
মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ, তরুণদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, এআই-ভিত্তিক দক্ষতা উন্নয়ন, উপকূলীয় বন ব্যবস্থাপনা, মেহেরপুরে কৃষি গবেষণা কেন্দ্র, ঢাকা শহরের অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন এবং র্যাবের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
এমবি এইচআর

