রাজধানীতে নিরাপত্তা জোরদার: ১২ প্লাটুন বিজিবি মাঠে
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মোতায়েন কার্যক্রম চলমান থাকবে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধিত দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বৈঠকে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, এবং বিমান ও নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে লাখো তরুণ প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন— যারা গত ১৬ বছরের স্বৈরশাসনের সময় ভোট দিতে পারেননি।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা তুলে ধরে তিনি জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কিনছে। এ ছাড়া বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ব্রিটিশ মন্ত্রী আগ্রহ প্রকাশ করেন এবং জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
এমবি এইচআর

