ভোটে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আ. লীগের নেই : প্রেসসচিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল এখন আর সংগঠিত শক্তি হিসেবে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে—দলটির বাস্তব সক্ষমতা খুবই সীমিত, ফলে নির্বাচনে কোনো ধরনের অস্থিরতা বা ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে নেই।

Nov 16, 2025 - 16:40
 0  2
ভোটে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি আ. লীগের নেই : প্রেসসচিব
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল এখন আর সংগঠিত শক্তি হিসেবে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে—দলটির বাস্তব সক্ষমতা খুবই সীমিত, ফলে নির্বাচনে কোনো ধরনের অস্থিরতা বা ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে নেই। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, এমনকি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনও হতে পারে। তিনি তিনটি সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে এই বিশ্বাসের ব্যাখ্যা দেন।

প্রথমত, বিএনপি সংসদীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করলে বড় ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও তা ঘটেনি। বিদ্রোহী প্রার্থী নিয়ে কোনো বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি, বরং ঘোষণাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রমাণিত হয় যে বিএনপি সংগঠনগতভাবে প্রস্তুত এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে।

দ্বিতীয়ত, আওয়ামী লীগের তৃণমূলের বাস্তব অবস্থা এখন খুব দুর্বল বলে মন্তব্য করেন তিনি। তার মতে, দলটি এখন ভাড়াটে দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভর করছে, যাদের ভূমিকা কেবল বিভ্রান্তি ছড়ানো বা স্বল্প সময়ের ঝটিকা কর্মসূচি পর্যন্ত সীমাবদ্ধ। মাঠে কোনো শক্ত সংগঠিত কাঠামো নেই বলেই তিনি দাবি করেন।

তৃতীয়ত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সংগঠিত। নির্বাচন তদারকিতে সবচেয়ে দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করবে বলে আশা করেন তিনি।

এমবি এইচআর