ছেঁড়া-ফাটা নোট বদলসহ ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

Nov 17, 2025 - 13:25
 0  3
ছেঁড়া-ফাটা নোট বদলসহ ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

মেঘনাবার্তা প্রতিনিধি:

বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় অফিসে দীর্ঘদিন ধরে চলা পাঁচটি গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ নভেম্বর থেকে প্রাথমিকভাবে মতিঝিলের কেন্দ্রীয় অফিসে এই সেবা বন্ধ হবে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য বিভাগীয় অফিসেও কার্যক্রম স্থগিত করা হবে।

বন্ধ হওয়া পাঁচটি সেবা হলো—ছেঁড়া-ফাটা নোট বদল, সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজবন্ড বিক্রি, সরকারি ট্রেজারি চালান গ্রহণ এবং চালানভিত্তিক ভাংতি টাকা দেওয়া। ডিসেম্বরে মতিঝিল অফিসে নগদ সঞ্চয়পত্র ও প্রাইজবন্ডের কেনাবেচাও বন্ধ হবে।

তবে মতিঝিল অফিসের ১৬টি কাউন্টারে কিছু সেবা সীমিত আকারে চলবে। এর মধ্যে ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোটের বিরোধ নিষ্পত্তি এবং ব্যাংকের সঙ্গে লেনদেন সংক্রান্ত সেবা থাকবে। ভবিষ্যতে এসব সেবাও ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিসে আগের মতোই সঞ্চয়পত্র, প্রাইজবন্ড এবং ছেঁড়া নোট বদলের সেবা চালু থাকবে। ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এই সেবা দিতে পারে, তা তদারকি বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগ আধুনিকায়ন, মূল ভবনের নিরাপত্তা জোরদার এবং স্বয়ংক্রিয় ভল্ট স্থাপনের অংশ হিসেবে সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের নির্দেশে গঠিত কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সম্প্রতি মতিঝিল অফিসে সঞ্চয়পত্র সার্ভার জালিয়াতির ঘটনা সামনে এলেও কর্মকর্তারা বলছেন, এই সেবা বন্ধের মূল কারণ নিরাপত্তা নীতি এবং আধুনিকায়ন। গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে শিগগিরই এই বিষয়ে প্রচারণাও চালানো হবে। তথ্য অনুযায়ী, মতিঝিল অফিসে বর্তমানে সঞ্চয়পত্রের ৩০ শতাংশ গ্রাহকসেবা দেওয়া হয়, সেবা বন্ধ হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চাপ বাড়তে পারে।

এমবি/এসআর