স্ত্রী–মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব জব্দ

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা মোট ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

Nov 17, 2025 - 13:29
 0  2
স্ত্রী–মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব জব্দ
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা মোট ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশন–দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

দুদকের তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মনিরুজ্জামান আবেদনে জানান, অবরুদ্ধ হওয়া এসব হিসাবে মোট টাকা রয়েছে ২ কোটি ৮৯ লাখ। পাশাপাশি তদন্তে নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখী এবং স্ত্রী পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন হিসাবে প্রায় ৩২ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, এসব হিসাব থেকে অর্থ বেহাত করার চেষ্টা চলছে। অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। আদালত বিষয়টি পর্যালোচনা করে দ্রুত আদেশ প্রদান করেন।
এদিকে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি এইচআর